হরমুজ প্রণালি দ্রুত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এরদোগান বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকা একটি গুরুতর বৈশ্বিক উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক বাণিজ্যে, বিশেষ করে তেল ও জ্বালানি পরিবহনে এই জলপথের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, যত দ্রুত সম্ভব প্রণালিটি পুনরায় খুলে দেয়া অত্যন্ত জরুরি। এরদোগান জানান, তুরস্ক বিশ্বব্যাপী তেল সরবরাহের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখার পক্ষে। নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান হামলা ও পাল্টা হামলার মধ্যে কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
হরমুজ প্রণালি নিয়ে বিরোধ বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয়। একই সময়ে দুই দেশের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ যাতায়াত করত। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ বা কার্যত অচল থাকলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
