এমপি আমির হামজার গাড়িতে হামলা

২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম

ফন্ট সাইজ:

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া এবং স্থানীয় পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে কুষ্টিয়া হাজী শরীয়ত উল্লাহ একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেয়া লিখিত বক্তব্যে এসব দাবি জানান মুফতি আমির হামজা।

তিনি বলেন, শনিবার তার ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটি কুষ্টিয়াবাসীর সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার দাবি, নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। আমির হামজা বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ রাজনৈতিক পরিবেশের পরিস্থিতি ছিল না। এটি গণঅধিকার পরিষদের সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত হামলা। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এ হামলা। তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের নিরাপত্তার জন্য কাজ করছেন। কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালানোর সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।

হামলার ঘটনায় তিন দফা দাবি তুলে ধরেন সংসদ সদস্য। দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমার গাড়ির সামনে সদর ওসি’র গাড়ি এবং পেছনে সেকেন্ড ওসি’র গাড়ি ছিল। এরপরও আমার গাড়ি ও আমার ওপর হামলা চালানো হয়েছে। সেখানে পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন সংসদ সদস্য, আমারই যদি নিরাপত্তা না থাকে, তাহলে আপনারা কী অবস্থায় আছেন, সেটা তো বুঝতেই পারছি। এদিকে কুষ্টিয়া-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন আমির হামজা। তবে তার এ আহ্বানকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য সতর্ক করে তিনি বলেন, প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেয়া হবে। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার অভিযোগের বিষয়ে গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।