রাজধানীর ডেমরার একটি বাড়ি থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের ওই বাসা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ের যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের ওই বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিও ।
অভিযানে মো. জুয়েল ভুঞা (২৬) নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অনুমান ৬ ইঞ্চি লম্বা ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। জুয়েল ভুঞা নরসিংদী জেলার শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী (২৪) নামের আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। তিনি নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে। পরবর্তীতে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ও আটকদের ডেমরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
