সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ ও ভারতের পাঁচ প্রবাসী বিগ টিকিটের সিরিজ ২৮৯-এর ড্রয়ে প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। পাঁচজনের মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে ৫ লাখ দিরহাম। কারও ক্ষেত্রে বহু বছর ধরে বন্ধুদের সঙ্গে টিকিট কেনার পর এসেছে এই সাফল্য, আবার কারও বিজয়ী টিকিট ছিল সম্পূর্ণ ভাগ্যের ফল। তবে পাঁচজনের কাছেই এটি ছিল জীবনের প্রথম বিগ টিকিট পুরস্কার। তারা জানিয়েছেন, জেতা অর্থ পরিবার, সঞ্চয় ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যবহার করবেন। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস।
৩৮ বছর বয়সী বাংলাদেশি ম্যানেজার আরিফুজ্জামান শুভ ভাগ্য পরীক্ষা করে আসছিলেন দুই বছর ধরে। ১৭ বছর ধরে আজমানে বসবাসকারী আরিফুজ্জামানের পরিবার বাংলাদেশে থাকে। ১০ বন্ধুর একটি দলের সঙ্গে প্রায় প্রতি মাসেই তিনি বিগ টিকিট কেনেন। বিজয়ের ফোন পাওয়ার মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বাকরুদ্ধ ও খুব খুশি হয়ে গিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না, তবে জিতে আমি খুব আনন্দিত। এখনই ১ লাখ দিরহাম খরচ করার কোনো পরিকল্পনা নেই তার। ভবিষ্যতের জন্য অর্থটি সঞ্চয় করে রাখতে চান তিনি। বিগ টিকিটে অংশ নেয়াও চালিয়ে যাবেন। সহপ্রবাসীদের উদ্দেশ্যে আরিফুজ্জামান বলেন, সবারই বিগ টিকিট কেনা উচিত। কারণ এটি ভবিষ্যতের জন্য আশার সুযোগ তৈরি করে।
৩২ বছর বয়সী বাংলাদেশি সবুজ মো. দেলোয়ার মুন্সী সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর চার বছর ধরে তিনি নিয়মিত এতে অংশ নিচ্ছেন। সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাসকারী সবুজ সর্বশেষ কেনা টিকিটে প্রথমবারের মতো পুরস্কার জেতার খবর পেয়ে উচ্ছ্বসিত হন। ১ লাখ দিরহামের পুরস্কার তিনি আমিরাতে নিজের দৈনন্দিন খরচ ও জীবনযাপনের প্রয়োজন মেটাতে ব্যবহার করতে চান। তার কাছে এই জয় প্রমাণ করে, প্রতিদিনের সাধারণ একটি কেনাকাটাও কখনো কখনো জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে।
এছাড়া পুরস্কার জিতেছেন ভারতীয় ৩ জন প্রবাসী।
