যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ট্রাম্প এর আগে ঘোষণা করেন, হরমুজ প্রণালি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। তার এমন মন্তব্যের সমালোচনা করতে গিয়ে হাতামি বলেন- এমন কৌতুক করা বিরাট এক ভুল। কারণ, এটা ইরান। একে রক্ষা করবে এ দেশের প্রতিরক্ষাকারীরা। তারা আপনার পা ভেঙ্গে দেবে।
ইরানের বার্তা সংস্থা আইআরআইবি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হাতামি আরও বলেন, কার্যত মার্কিন বাহিনীকে বিদায় করে দেয়া হয়েছে। উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালিতে তাদের আর প্রবেশের অনুমতি নেই। আগের অবস্থানে ফিরে যেতে মার্কিন ঘাঁটিগুলোকে অনুমতি দেয়া হবে না।
ইরান এটা কখনোই অনুমোদন করবে না। পাশাপাশি তিনি মার্কিন সেনাদের হত্যা করলে বা জীবিত আটক করার জন্য পুরষ্কার ঘোষণা করেছেন। বলেছেন, একজন মার্কিন সেনাকে হত্যা বা জীবিত যদি কোনো ইরানি ধরে দিতে পারে তাহলে তাকে ৩০ হাজার ডলার পুরষ্কার দেয়া হবে। অন্যদিকে কোনো নারী এই কাজ করতে পারলে তাদেরকে ডাবল পুরষ্কার দেয়া হবে।
