মেসির টানা তিন পেনাল্টি মিসের হতাশা

মেসির টানা তিন পেনাল্টি মিসের হতাশা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল মেজর লীগ সকারে (এমএলএস) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। জিওডিস পার্কে স্বাগতিক ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচে ব্যক্তিগত হতাশার এক বৃত্তে বন্দি হয়েছেন দলটির মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ২৩ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি, যা তার ক্যারিয়ারে টানা তৃতীয় পেনাল্টি মিস। ২০১৪ সালের পর এমন ঘটনা আর কখনো ঘটেনি।

ম্যাচে অ্যান্ডি নুহারের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের ইনজুরি সময়ে তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি খেই হারিয়ে ফেলে সফরকারীরা। ন্যাশভিলের হানি মুখতার জোড়া গোল এবং স্যাম সারিজের চমৎকার এক ব্যাকহিল ফিনিশ মায়ামির রক্ষণ দুর্গ ভেঙে গুঁড়িয়ে দেয়।
এছাড়া দুর্ভাগ্যও পিছু ছাড়েনি মেসির। ম্যাচের ইনজুরি টাইমে তার একটি শট একই সঙ্গে দুই পোস্টে লেগে ফিরে আসে। আর্জেন্টাইন মহাতারকার অন্য একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে।

বাবা হোর্হে মেসির প্রয়াণের পর মাঠে ফিরে এই ম্যাচে পুরো সময়টা বেশ হতাশায় কাটান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দেখেন হলুদ কার্ডও। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে এই হারে বড় ধাক্কা খেলো মায়ামি।

ম্যাচ শেষে হতাশাজনক এই হারের পর কোচ গুইলের্মো হোয়েস দলের মানসিক দৃঢ়তা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের হার আমাদের থামিয়ে দেবে না, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। মাঠের ভেতরের মানসিক চাপ এবং পরিশ্রম যারা খেলেছে, কেবল তারাই বুঝতে পারে। এই বড় ব্যবধানের হার সত্ত্বেও দলে কিছু ইতিবাচক দিক ছিল, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।’
শীর্ষে থাকা ন্যাশভিলের কাছে ৫ পয়েন্টে পিছিয়ে পড়া মায়ামি পরবর্তী ম্যাচে আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে।