শাপলা চত্বর হত্যাকাণ্ড

ইনু-রাজ্জাককে হাজিরের নির্দেশ, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর

ফন্ট সাইজ:

২০১৩ সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী তারিখ আগামী ৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এদিন কারাগারে থাকা ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিন্তু সাবেক দুই মন্ত্রী আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগে প্রোডাকশন ওয়ারেন্ট জারি থাকায় তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন ট্রাইব্যুনাল। আগামী ৩ তারিখে সাবেক দুই মন্ত্রীকে হাজির করা নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

যাদেরকে হাজির করা হয় তারা হলেন-সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক চিফ রিপোর্টার ফারজানা রুপা ও সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডল।
২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৭ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে।
গত ২৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীসহ ১৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, ২১ জন বিভিন্ন বাহিনীর সাবেক সদস্য, তিনজন রাজনীতিবিদ ও সংগঠক এবং দুজন সাংবাদিক রয়েছেন।