অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পূর্বে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। ঢাকার চাওয়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং সন্দেহভাজন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারীদের প্রত্যার্পণ করবে দেশটি।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এ অবস্থান তুলে ধরেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে যোগাযোগ ছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার ওই তৎপরতা নিয়ে বাংলাদেশ তার অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে।’

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধে পদক্ষেপ ত্বরান্বিত করতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত বাংলাদেশি আসামিদেরও হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এসব বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

মুখপাত্র আরও বলেন, ‘‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করেই সামনে এগোচ্ছে বর্তমান সরকার। সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়াই এই নীতির লক্ষ্য।’’