কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর এলাকায় সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগর যুবদলের সদস্য ও স্থানীয় সমাজসেবক মোতালেব হোসেনের নেতৃত্বে এ উপহার বিতরণ করা হয়।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মোতালেব কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোতালেব হোসেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদ, দুর্যোগ কিংবা বিভিন্ন সংকটের সময় ছাড়াও সবসময় স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
এ সময় মোতালেব হোসেন বলেন, “কুমিল্লার রাজনীতিতে আমাদের প্রিয় নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু একজন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তাঁর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি। তিনি অতীতেও অসহায় মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমাদের প্রিয় নেতা আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী এমপির নেতৃত্বে এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর দিকনির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আজকের এই উপহার বিতরণ তারই ধারাবাহিকতার একটি অংশ
উপহার পেয়ে শ্রী বল্লভপুর এলাকার এক বয়স্ক নারী বলেন, “আমরা গরিব মানুষ।
সংসার চালাতে অনেক কষ্ট হয়। উপহার পেয়ে খুব ভালো লাগছে। যারা আমাদের কথা মনে রেখে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের ভালো রাখুক।”
আরেক উপকারভোগী বলেন, “অনেক সময় অভাবের কারণে প্রয়োজনীয় জিনিসও কিনতে পারি না। আজকে মোতালেব হোসেনের মাধ্যমে এখানে এসে উপহার পেয়েছি। এতে আমাদের পরিবারের অনেক উপকার হবে। আমরা যারা অসহায়, তাদের পাশে এভাবে দাঁড়ালে আমরা সাহস পাই।”
স্থানীয় এক যুবক বলেন, “রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো উচিত। আজকের মোতালেব ভাইয়ের এই উদ্যোগে এলাকার অসহায় মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”
স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতাকর্মীরা যদি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
