ছেলের স্ত্রীর রাজকীয় সব উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ছেলের স্ত্রীর রাজকীয় সব উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ফন্ট সাইজ:

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিয়েছেন। তার আচরণকে রাজপরিবারের একজন সদস্যের জন্য ‘অনুপযুক্ত’ বলে উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় চলতি মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুলতানের নির্দেশে তাৎক্ষণিকভাবে এসব উপাধি বাতিল করা হয়।

এক বিবৃতিতে কার্যালয়টি জানায়, পেঙ্গিরান রাবি’আতুল আদাউইয়াহর এমন কিছু আচরণের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তার কর্মকাণ্ড রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন করেছে এবং সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি তার যথাযথ সম্মানের অভাব প্রকাশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

৩৩ বছর বয়সী পেঙ্গিরান রাবি’আতুল আদাউইয়াহ বিয়ে করেছেন ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিককে। সিংহাসনের উত্তরাধিকারক্রমে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।

ব্রুনেইয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবি’আতুল আদাউইয়াহর কর্মকাণ্ড সুলতানের প্রতি অসম্মান এবং রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে তিনি ঠিক কী করেছিলেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়ও তার কথিত ‘অনুপযুক্ত আচরণ’ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাবি’আতুল আদাউইয়াহ তার ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি হারিয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, এর আগে সুলতান রাজপরিবারের অন্য সদস্যদেরও রাজকীয় উপাধি কেড়ে নিয়েছেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার রাজকীয় উপাধি বাতিল করেছিলেন সুলতান। একইভাবে, তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে ২০১০ সালে বিবাহবিচ্ছেদের পর তারও রাজকীয় উপাধি কেড়ে নেয়া হয়।

তবে রাবি’আতুল আদাউইয়াহর ঘটনা কিছুটা ভিন্ন। তিনি সুলতানের ছেলের স্ত্রী এবং এখনো রাজপরিবারের সদস্য। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে- এমন কোনো সরকারি ঘোষণা এখনো আসেনি।

২০১৫ সালে রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে ব্যাপক জাঁকজমকের মধ্য দিয়ে প্রিন্স আবদুল মালিককে বিয়ে করেন রাবি’আতুল আদাউইয়াহ। তার বিয়ের অনুষ্ঠান ও উদ্যাপন চলে ১০ দিন ধরে। এতে হাজারো অতিথি অংশ নেন।

এই দম্পতির চার সন্তান রয়েছে- ১০ বছর বয়সী প্রিন্সেস মুথি’আহ, আট বছর বয়সী প্রিন্সেস ফাত্তিয়াহ, ছয় বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। তবে তাদের রাজকীয় উপাধি এই সিদ্ধান্তের কারণে প্রভাবিত হয়নি বলে জানা গেছে।

প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রী থেকে সুলতান হাসানাল বলকিয়াহর মোট ১২ সন্তান রয়েছে। ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের নিরঙ্কুশ রাজতন্ত্রের শাসক।

বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ ছোট দেশটি তিন দিক থেকে মালয়েশিয়া দ্বারা বেষ্টিত। ১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন তিনি। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা জীবিত রাজা।
ব্রুনেইয়ের সুলতান বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ হিসেবে পরিচিত ইস্তানা নুরুল ইমানে বসবাস করেন। প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ। তার দীর্ঘ শাসনামলে ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।