সিন্ধু পানি চুক্তি স্থগিত করা জাতীয় স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ: ভারত

সিন্ধু পানি চুক্তি স্থগিত করা জাতীয় স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ: ভারত

ফন্ট সাইজ:

'সন্ত্রাসবাদকে আশ্রয়দানকারী' একটি দেশের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা ভারতের একটি নির্ণায়ক পদক্ষেপ। জাতীয় স্বার্থে বিশেষ করে কৃষকদের স্বার্থে এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এই চুক্তিটি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ন্ত্রণ করে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এবং পাকিস্তানের বিরুদ্ধে গৃহীত বৃহত্তর পদক্ষেপের অংশ হিসেবে ভারত এই চুক্তিটি স্থগিত করেছে।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার বলেছেন, সন্ত্রাসী এবং তাদের সমর্থনকারীদের “তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন” পরিণতির মুখোমুখি হতে হবে।
অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই সামরিক অভিযানটি নির্ভুলভাবে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রদর্শন করেছে।
রাষ্ট্রপতি মুর্মু ভারতকে নকশাল-মুক্ত করার পথে অগ্রগতিকে একটি বড় জাতীয় অর্জন হিসেবেও বর্ণনা করেছেন। তিনি বস্তারে দ্রুত উন্নয়ন এবং বৃহত্তর সাংস্কৃতিক অংশগ্রহণের কথা উল্লেখ করেন, যা দীর্ঘদিন ধরে বামপন্থী চরমপন্থা দ্বারা প্রভাবিত একটি অঞ্চলের পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও অর্থনীতির অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি বলেছেন, বিশ্বজুড়ে যুদ্ধ, অস্থিরতা এবং অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অর্থনীতি গড় বৈশ্বিক প্রবৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উদ্যোগের প্রভাবের কথাও উল্লেখ করে বলেন, গত এক দশকে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। মুর্মু সরকারের বিনামূল্যে রেশন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এটি ৮০ কোটিরও বেশি সুবিধাভোগীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
রাষ্ট্রপতির ভাষণে ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও উঠে আসে, যেখানে তিনি আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের প্রতি বিচার ব্যবস্থার দায়িত্বের ওপর জোর দেন। তিনি বলেন, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির এটি নিশ্চিত করা কর্তব্য যে, সম্পদের অভাবে যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।