সৌরবিদ্যুৎ ব্যবসায় প্রবেশ করছে ম্যাক্স গ্রুপ

সৌরবিদ্যুৎ ব্যবসায় প্রবেশ করছে ম্যাক্স গ্রুপ

ফন্ট সাইজ:

দেশের সৌরবিদ্যুৎ বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ম্যাক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গ্রুপটি সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট নিজস্ব পণ্য ও সেবা বাজারে আনার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার ঢাকায় অ্যাস্ট্রোনার্জির আয়োজিত ‘ওয়ার্ল্ড ট্যুর ২০২৬- বাংলাদেশ রোডশো’তে বিশেষ অতিথির বক্তব্যে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান।

ম্যাক্স গ্রুপের সৌরবিদ্যুৎ খাতে প্রবেশের প্রস্তুতির কথা উল্লেখ করে গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ইতিমধ্যে ২০ কোটি টাকা মূল্যের সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট সামগ্রী অর্ডার করা হয়েছে। এসব সামগ্রী শিগগিরই দেশে আসবে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি বাজারে আমাদের নিজস্ব সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট পণ্য ও সেবাও নিয়ে আসবো।’ বাংলাদেশের সৌরবিদ্যুৎ বাজারে বড় সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে। ফলে এ খাতে বাজারের সম্ভাবনা ব্যাপক। চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোকে প্রতিযোগী নয়, বরং সম্ভাব্য অংশীদার হিসেবে দেখতে হবে। ম্যাক্স গ্রুপের একটি কারখানায় ইতিমধ্যে প্রায় ২ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

আলমগীর বলেন, ম্যাক্স গ্রুপ ও ব্লু কার্বন কোম্পানি, সোলার খাতে কাজ করা চীনের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের বাজারে তাদের পণ্য ও সেবা নিয়ে আসার জন্য কাজ করছে। অ্যাস্ট্রোনার্জির আয়োজনে অনুষ্ঠিত রোডশোটি কোম্পানিটির শিল্পে ২০ বছর পূর্তি এবং বাংলাদেশে তাদের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজন করা হয়। চীনভিত্তিক অ্যাস্ট্রোনার্জি একটি বৈশ্বিক সৌর ফটোভোলটাইক কোম্পানি।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের বাজারে অ্যাস্ট্রোনার্জির সর্বশেষ ‘এন সেভেন প্রো’ ৭০০০ সৌর মডিউলের উদ্বোধন।