দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিরোধপূর্ণ সম্পর্কের চিত্র উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে। জরিপে দেখা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মানুষ নিজেদের দেশের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক হুমকি হিসেবে ভারতকেই সবচেয়ে বেশি উল্লেখ করেছেন।
একই সময়ে ভারতীয়দের কাছেও পাকিস্তান সবচেয়ে বড় হুমকি হিসেবে উঠে এসেছে। ১৩ আগস্ট সংস্থাটি এই জরিপের রিপোর্ট প্রকাশ করেছে।
পিউ রিসার্চ সেন্টার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাপ্তবয়স্কদের কাছে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি জানতে চায়। জরিপের ফলাফলে দক্ষিণ এশিয়ায় দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও আস্থার ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।
নিজ দেশের জন্য সবচেয়ে বড় হুমকি কোন দেশ- এমন প্রশ্নে বাংলাদেশি ও পাকিস্তানিরা সবচেয়ে বেশি ভারতের নাম উল্লেখ করেছেন। অন্যদিকে, ভারতীয়দের মধ্যেও সবচেয়ে বড় হুমকি হিসেবে পাকিস্তানের নামই সবচেয়ে বেশি এসেছে।
পিউয়ের পৃথক বিশ্লেষণ অনুযায়ী, ৫৪ শতাংশ ভারতীয় পাকিস্তানকে তাদের দেশের সবচেয়ে বড় ভূরাজনৈতিক হুমকি হিসেবে দেখেন। এর পরেই রয়েছে চীন, যাকে ২১ শতাংশ ভারতীয় সবচেয়ে বড় হুমকি বলেছেন।
অন্যদিকে পাকিস্তানে ৪৩ শতাংশ মানুষ ভারতকে তাদের দেশের সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ইসরাইল ও চীন- দুই দেশকেই ২৪ শতাংশ করে পাকিস্তানি সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখেছেন।
এ ছাড়া ভারতের প্রতি বাংলাদেশিদের সামগ্রিক মনোভাবেও গত কয়েক বছরে পরিবর্তন এসেছে। জরিপে দেখা গেছে, বর্তমানে ৪২ শতাংশ বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২৪ সালের তুলনায় এই হার ১৫ শতাংশ পয়েন্ট কমেছে।
তবে শ্রীলঙ্কায় ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ২০২৪ সালের তুলনায় ১৪ শতাংশ পয়েন্ট বেড়েছে। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
ভারতের প্রতি ইতিবাচক মনোভাবের দিক থেকে শ্রীলঙ্কাই সবচেয়ে এগিয়ে। এ ছাড়া শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতকে নিজেদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেছেন।
বিপরীতে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষ সবচেয়ে বড় হুমকি হিসেবে ভারতকে বেশি উল্লেখ করেছেন।
পিউ রিসার্চ সেন্টারের ২০২৬ সালের এই জরিপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের মতামতের পাশাপাশি বয়স, শিক্ষা ও ধর্মভেদে দৃষ্টিভঙ্গির পার্থক্যও বিশ্লেষণ করা হয়েছে।
