১৫ আগস্ট সামনে রেখে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঈশান ও হাসিব নামের দুজনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ আগস্ট) গ্রেপ্তারকৃতদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ৫২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের এম ব্লকের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫২ জনকে আটক করা হয়। পুলিশের দাবি , আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। তারা ১৫ আগস্ট উপলক্ষে একত্র হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মুঠোফোন ও তিনটি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কথা উল্লেখ ছিল। পুলিশ জানায়, ব্যানারে সংগঠনের নেতা-কর্মীদের ছবিও ছিল।
