দক্ষিন সিটি করপোরেশনের সাইকেল র‌্যালি

ঢাকার ৪১৬ বছর পূর্তি

দক্ষিন সিটি করপোরেশনের সাইকেল র‌্যালি

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। যা ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‌্যালি’ আয়োজন করেছে ডিএসসিসি। আজ শুক্রবার সকাল ৭টায় ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হওয়া র্যালির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ডিএসসিসি জানিয়েছে, ৩০০ জন নাগরিক এই সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করেছে। র‌্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি মোড়-শাহবাগ মোড়-বাটা সিগন্যাল মোড়-সাইন্সল্যাব মোড়-নীলক্ষেত মোড়-আজিমপুর মোড়-এতিমখানা মোড়-ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে-মাদরাসা শিক্ষা বোর্ড-বকশীবাজার মোড়- কেন্দ্রীয় শহীদ মিনার রোড-সেক্রেটারিয়েট রোড-জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে দিয়ে-বঙ্গবাজার মোড় হয়ে নগর ভবনে এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর, ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামী বাংলাদেশ। তাই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে। এমন একটি ঢাকা প্রয়োজন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এবং স্বাচ্ছন্দ্য পরিবেশ পাবে। তরুণেরা যাতে সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়, সে ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ রাজধানী ঢাকার সঙ্গে নাগরিকদের আত্মিক ও মমত্বের বন্ধন আরও দৃঢ় করা আজ সময়ের দাবি। নগরীর ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পর্যাপ্ত পরিচিতি ও সম্পৃক্ততার অভাবে অনেকের মধ্যেই ঢাকার প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা গড়ে ওঠেনি। এর প্রভাব পড়ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণসহ নাগরিক জীবনের নানা ক্ষেত্রে।