বিতর্কিত অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে মানহানির দুটি মামলায় মোট ৫ লাখ রিঙ্গিত জরিমানা করেছেন মালয়েশিয়ার জোহর বাহরু আদালত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। মালয়েশীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেয়া রায়ে বিচারিক কমিশনার নুরাদুরা হামজা বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন এমবুন কারিজমা রিসোর্সেসের পরিচালক আর মুথুসামি। তবে শুনানির সময় অ্যান্ডি হল ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত ছিলেন না। ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে, জিকে শ্রীথরন ও চাই ই এনজির মাধ্যমে প্রতিনিধিত্বকারী মুথুসামি ছিলেন বাদীপক্ষের একমাত্র সাক্ষী। শুনানি হওয়া দুটি মামলাতেই তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।
রায়ে বিচারিক কমিশনার নুরাদুরা হামজা বলেন, মুথুসামির বিরুদ্ধে আনা দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত অভিযোগগুলো গুরুতর হওয়ায় তিনি তুলনামূলক বেশি অঙ্কের ক্ষতিপূরণ ধার্য করেছেন। এছাড়া অ্যান্ডি হলকে ১ লাখ রিঙ্গিত মামলার খরচ পরিশোধেরও নির্দেশ দেন তিনি। আদালত পাশাপাশি হলকে মুথুসামির বিরুদ্ধে একই ধরনের মানহানিকর বিবৃতি প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রধান মুদ্রণ মাধ্যমে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে মুথুসামির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।
২০২২ সালের ১২ এপ্রিল দায়ের করা প্রথম মামলায় মুথুসামি অভিযোগ করে বলেছিলেন যে, হল ৬ জানুয়ারি অন্তত ৪০ জন প্রাপকের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন, যার মধ্যে ছিল বিভিন্ন কোম্পানি, সরকারি বিভাগ এবং বেসরকারি সংস্থা। ওই বার্তায় অ্যান্ডি হল দাবি করেন, শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যন্ত্র উৎপাদন সেবা প্রতিষ্ঠান এটিএ-তে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবের আড়ালে মুথুসামি তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এ বিষয়ে অ্যান্ডি হলের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তার বন্ধুদের কাছে বিস্তারিত শুনে তিনি জানাবেন।
