ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রিন্স বলেন, ‘এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি’। সমাবেশে তিনি আরও বলেন, আজকের এই শেষ সমাবেশ ধোবাউড়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। বহু বছর ধরে এই জনপদ অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু এবার ধোবাউড়ার মানুষ আর নীরব থাকবে না- ধানের শীষে ভোট দিয়ে তারা নিজেদের অধিকার আদায় করবে। প্রিন্স দৃঢ় কণ্ঠে বলেন, আমি নির্বাচিত হলে ধোবাউড়ায় মিল-কল ও কারখানা স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি, হাওর ও সীমান্ত এলাকার উন্নয়ন, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। দীর্ঘদিনের দাবির বাস্তবতায় ধোবাউড়া পৌরসভা গঠন করে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দল। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এক কোটি কর্মসংস্থানের কর্মসূচির মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে। তরুণ সমাজের হাতে কাজ তুলে দিতে না পারলে দেশ এগোবে না- এটাই বিএনপি’র রাজনীতি। সমাবেশ শেষে বিশাল মিছিল ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।
ধোবাউড়ায় বিএনপি প্রার্থী প্রিন্সের নির্বাচনী সমাবেশ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
