হাসিনা যা বলেছেন তা ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

হাসিনা যা বলেছেন তা ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

ফন্ট সাইজ:

দিল্লিতে কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রকারান্তরে ভারত সরকারের ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, সেটা নিরূপণ না হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিত হবে না উল্লেখ করে তিনি বলেছেন, হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কি হবে সেটা ঠিক না করে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া উচিত হবে না।

বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিলাম, তখন একটা ঘটনা ঘটে গিয়েছে, দিল্লিতে একটা প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত থাকা অবস্থায় প্রেস কনফারেন্স করেছে।
আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলছেন, তা শুধু তাদের নয় বরং ভারত সরকারের ভাষ্য।

তিনি বলেন, ধরুন ভারতের সেভেন সিস্টার্সের কোনো একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটা প্রেস কনফারেন্স করল এবং বাংলাদেশ সরকার বলল যে এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কীভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না, এটা কি পৃথিবীর কেউ বিশ্বাস করবে? তাই দিল্লির প্রেস কনফারেন্স অবশ্যই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কয়েক দিন আগে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো কিছু পাওয়া যায়নি।
তিনি বলেন, ভারত সরকার কীভাবে বাংলাদেশকে ট্রিট করবে, সেটা আমরা জানি কিন্তু বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সেটাকে কীভাবে মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গা আমাদের কোথায়, সেটা খুঁজে বের করতে হবে।