ভারতের বারাণসীতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। মোটরসাইকেলের শোরুমে ঢুকে এক ব্যক্তি প্রায় সাড়ে চার ঘণ্টা কাটানোর পর সেখান থেকে ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের একটি বিলাসবহুল কেটিএম মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি শোরুমের ভেতরে জনপ্রিয় বলিউড গান ‘লুঙ্গি ড্যান্স’-এর সঙ্গে নাচছে।
জানা গেছে, ওই ব্যক্তি প্রায় সাড়ে চার ঘণ্টা মোটরসাইকেল শোরুমের ভেতরে অবস্থান করে। এ সময় তাকে বেশ স্বাভাবিক ও নির্ভার মনে হয়েছে। সেখানে সে নিজের জন্য কফি বানিয়ে পান করে। এরপর শোরুমের ভেতরেই গোসল করে, কাপড় শুকিয়ে নেয় এবং গানের তালে নাচতেও দেখা যায় তাকে।
এরপর সুযোগ বুঝে শোরুমের ম্যানেজারের ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের বিলাসবহুল কেটিএম বাইকটি নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে বারাণসীর মাণ্ডুয়াডিহ থানা এলাকায়।
ঘটনার পর বৃহস্পতিবার বারাণসী পুলিশ একটি বিবৃতি দিয়েছে। এক্সে দেয়া এক পোস্টে বারুণ জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি), বারাণসী কমিশনারেট জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাণ্ডুয়াডিহ থানায় প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
