গণমাধ্যমের সুরক্ষায় বিদ্যমান আইন কার্যকর করতে হবে

মানবজমিন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

গণমাধ্যমের সুরক্ষায় বিদ্যমান আইন কার্যকর করতে হবে

ফন্ট সাইজ:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষায় এখন অনেক আইন আছে। কিন্তু আইনগুলোর কার্যকারিতা কম। সাংবাদিকদের সুরক্ষা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল কাজ করছে। এই কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাবান পেশা। এ পেশার মর্যাদা সাংবাদিকদেরই রক্ষা করতে হবে। এটি কোনো খারাপ মানুষের পেশা হতে পারে না। গতকাল মানবজমিন পরিদর্শন ও সাংবাদিক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর এ সময় উপস্থিত ছিলেন। কাউন্সিল চেয়ারম্যান ও সচিবকে স্বাগত জানান মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান। এ সময় তিনি সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা এবং কাউন্সিল বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বলেন, তৃণমূলে সাংবাদিকতার বিস্তার হয়েছে ঠিকই কিন্তু তাদের পেশাদারিত্ব ঠিক রাখার যথেষ্ট ব্যবস্থা নেই। এ কারণে পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল এ বিষয়ে কাজ করছে। কাউন্সিল চেয়ারম্যান হিসেবে নিজে ৪২টি জেলা সফর করেছেন উল্লেখ করে বিচারপতি আব্দুল হাকিম বলেন, বেশির ভাগ জায়গায় সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের একতাবদ্ধ হতে হবে, অধিকার সচেতন হতে হবে। শুধু সাংবাদিকতা না, সব ক্ষেত্রে ন্যায় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হলে আগে রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে। প্রেস কাউন্সিলে না গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হওয়ার কথা নয়। এক্ষেত্রে বিচারকদেরও সচেতন হতে হবে।

তাদেরও আইনের বিষয়ে সচেতন থাকতে হবে। মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, অনেকে বলে থাকেন বাংলাদেশ প্রেস কাউন্সিল কার্যকর নয়। বর্তমান কাউন্সিল চেয়ারম্যান এই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তিনি নিজে বিভিন্ন জেলা সফর করছেন। গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শন করে সাংবাদিক-কর্মকর্তাদের মতামত নিচ্ছেন। আশা করা যায়, মেয়াদ শেষে তিনি ভালো কিছু রেখে যেতে পারবেন। মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী কাউন্সিল চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানে এ ধরনের পরিদর্শন সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে সচেতন করবে। প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর বলেন, ডিজিটাল মিডিয়া বা নিউ মিডিয়ার বিষয়ে বিদ্যমান আইনে কোনো প্রতিকারের ব্যবস্থা নেই।

এ বিষয় যুক্ত করে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক কে এম বাবর আশরাফুল হক, যুগ্ম সম্পাদক শামীমুল হক, বার্তা সম্পাদক কাজল ঘোষ, নগর সম্পাদক লুৎফর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন, বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, ওয়েব ইনচার্জ আবদুর রউফ রনি, সম্পাদনা বিভাগের প্রধান গাজী আসাদুজ্জামান, বাংলারজমিন বিভাগের ইনচার্জ রুকনুজ্জামান পিয়াস, স্পোর্টস ইনচার্জ সামন হোসেন, শিল্প সম্পাদক সুমন রহমান, বিনোদন বিভাগের ইনচার্জ ফয়সাল রাব্বিকীন, মাল্টিমিডিয়া বিভাগের প্রধান অনিম আরাফাত, প্রধান ফটো সাংবাদিক শাহীন কাওসার, কম্পিউটার ইনচার্জ মুশফিকুর রহমানসহ সাংবাদিক-কর্মকর্তারা।