গ্যাসের ভাণ্ডার খ্যাত সিলেট অঞ্চলেও দেখা দিয়েছে গ্যাস সংকট। আবাসিকে এখনো স্বস্তি দেখা গেলেও সংকট দেখা দিয়েছে পাম্পে। গতকাল দুপুরের পর থেকে একে একে বন্ধ হয়ে গেছে অধিকাংশ পাম্প। এসব পাম্পে শ’ শ’ গাড়ি দাঁড়িয়ে থেকেও গ্যাস পায়নি। এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়ঝাঁপ শুরু করেছে চালকরা। তবুও মিলছে না স্বস্তি। এই অবস্থায় অস্বস্তি বিরাজ করছে সিলেটের পরিবহন সেক্টরে। তবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি প্ল্যান্টে সমস্যার কারণে এ সংকট দেখা দিয়েছে। দু’এক দিনের মধ্যে সংকট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট জেলায় ৫৪টি মতো সিএনজি গ্যাস পাম্প রয়েছে। মালিকরা জানিয়েছেন, আগে থেকেই লিমিট দিয়ে রেখেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এই লিমিটের কারণে প্রতি মাসের শেষ সপ্তাহে সিলেট অঞ্চলে পরিবহনে গ্যাসের জন্য দুর্ভোগ পোহাতে হয়।
গত এক সপ্তাহ আগে এভাবে হঠাৎ করেই গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হয়েছিল। এতে পাম্প মালিক এসোসিয়েশনের নেতৃৃবৃন্দ জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিএনজি ও পেট্রোল পাম্প এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা জুবায়ের আহমদ চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, লিমিট দেয়ার কারণে এমনিতেই সিলেটে চাহিদার দুই তৃতীয়াংশ গ্যাস মিলে। মাসের শেষ দিকে এসে অনেক পাম্প বন্ধ রাখতে হয়। বুধবার জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ চিঠি দিয়ে লিমিটের ৫০ শতাংশ গ্যাস কম দেয়ার কথা জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেটি কার্যকর করেছে। তিনি বলেন, এটি কোনোভাবে সহ্য করার নয়। এতে করে অস্থিরতা ও ক্ষোভ বাড়ছে বলে জানান তিনি। সিএনজি পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসদ আজিম জানিয়েছেন, সিলেটে প্রায় ৫৪টি গ্যাস পাম্প রয়েছে। এর মধ্যে গতকাল দুপুরের পর থেকে একেক করে বেশির ভাগ পাম্পই বন্ধ হয়ে গেছে। গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে যানবাহনে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এদিকে, গ্যাস চাপ কম থাকার বিষয়ে ১০ই আগস্ট সিলেটে বিজ্ঞপ্তি জারি করে রেখেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। কোম্পানির ওয়েব সাইটে দেয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এনএলজি টার্মিনাল এফএসআরইউ ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে অস্বাভাবিক হারে গ্যাসে সরবরাহ অনাকাক্সিক্ষতভাবে হ্রাস পেয়েছে। ফলে সারা দেশের ন্যায় সিলেট অঞ্চলেও স্বল্প চাপ বিরাজ করছে।’ জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতিকুর রহমান মানবজমিনকে জানিয়েছেন, এনএলজি টার্মিনালে সমস্যার কারণে সিলেট অঞ্চলে স্বল্প চাপ পরিলক্ষিত হচ্ছে। আমরা আশা করছি আগামী দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
