নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ । তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নেত্রকোনার দিকে যাওয়ার সময় পূর্বধলার নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতদের নেত্রকোনা ও ময়মনসিংহের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
