দাউদকান্দিতে মেধাবীদের মেধার বিকাশ সংগঠনের বৃত্তি প্রদান

দাউদকান্দিতে মেধাবীদের মেধার বিকাশ সংগঠনের বৃত্তি প্রদান

ফন্ট সাইজ:

দাউদকান্দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ দিতে মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তি প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা।

বুধবার বিকালে দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, দাউদকান্দি-তিতাস-মেঘনা উপজেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলার সভাপতি মো. কালাম পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন বিসিআইসির সাবেক পরিচালক মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. মামুন হোসেন ভূঁইয়া,
ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সুমন সরকার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম ও ভিপি মাসুম রেজা মিন্টু।

এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি শিক্ষাবিদ, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সমাজসেবকেরা উপস্থিত ছিলেন। এস এম মিজানুর রহমান পাপ্পু ও আবদুল হালিম রানার পরিচালনায় অনুষ্ঠানে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ বৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।