রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মাসুম বিল্লাহ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত পেশায় লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণজিত মণ্ডল বলেন, আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। গিয়ে দেখি খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ডভ্যানে ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন হিসেবে ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
নিহতের ভাই বকুল বলেন, আমার ভাই পেশায় একজন লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে বাড্ডায় একজনের সঙ্গে দেখা করতে যান, পরে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের উপরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে লালবাগ শাহী মসজিদে থাকতেন। আমার ভাই দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
