জামিন পাননি ডন, জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

ফন্ট সাইজ:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিন আবেদন করেন। আবেদনে বলা হয়, এজাহার ও গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করেন। সিআইডি সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

এর আগে গত ৯ই আগস্ট ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক আরিফুর রহমান। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডি’র হেফাজতে নেয়া হয়। তদন্ত চলমান থাকায় এবং জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা থাকায় তাকে কারাগারে আটক রাখার প্রয়োজন রয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয় এবং সিআইডি’র তদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। তবে পরিবারের আবেদনের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেনÑ শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ মামলার তদন্তের অংশ হিসেবে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতিও দিয়েছেন আদালত। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০শে আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।