রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিগগিরই আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে ডিবি। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছি। আমরা আশাবাদী অচিরেই আসামিদের ধরে ফেলবো। তিনি আরও বলেন, ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে, অলমোস্ট সবগুলোই ডিবি অত্যন্ত সাফল্যের সঙ্গে উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা আশাবাদী, সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও আমরা উদ্ঘাটন করবো। যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
গত ৯ই আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে পাম্পটির কর্মচারীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন। এই ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।
পুলিশ ও পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। প্রতিদিনের বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার সকালে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুর্বৃত্ত তাদের কাভার্ডভ্যানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পিস্তলের মুখে তাদের জিম্মি করে এবং সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় তারা। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
