অস্ট্রেলিয়ার ডারউইনে মারারা স্টেডিয়ামে আজ সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের দুই ফাইনাল খেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কঠিন পরীক্ষার সামনে নামার আগে টাইগারদের জন্য স্বস্তির খবর দলের ব্যাটার লিটন দাস শতভাগ প্রস্তুত। চোট কাটিয়ে ডারউইনে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তার খেলার বিষয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এ ছাড়াও এই ম্যাচে মাঠে নামার আগে প্রশ্ন একটাই, ম্যাচ কি পাঁচদিন মাঠে গড়াবে! টাইগার অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, সে (লিটন) এখন শতভাগ ফিট। আর আমরা তো খেলোয়াড় হিসেবে পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই, আমরা যেটা সব সময় বলি।’
অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে ২টি টেস্টের সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেখানে ২টি ম্যাচেই ইনিংস ব্যবধানে পরাজয় দেখতে হয়েছিল সফরকারীদের। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সফর করায় আগের সেই পরিসংখ্যানের ব্যবধান কমানোর কঠিন কাজ সামনে ঝুলছে। সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশ। টেস্ট ম্যাচের সময়সীমা ও বিভিন্ন আলোচনা সম্পর্কে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘একেকটা সেশন গুরুত্বপূর্ণ। ৪ দিন যাবে, ৫ দিন যাবে, নাকি ৩ দিন যাবেÑ এ ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় লক্ষ্য থাকবে যে, আমরা কতো ভালো ক্রিকেট খেলতে পারি।’ দল হিসেবে ইতিবাচক ক্রিকেট খেলে মাঠের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন নাজমুল। দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পাঁচ উইকেট লাভ কিংবা শতরানের ইনিংস দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে নাজমুল বলেন, ‘কাউকে বাড়তি প্রেরণা দেয়ার প্রয়োজন নেই। সবাই জানে এখানে একটা বড় স্কোর, পাঁচ উইকেট, দল হিসেবে ভালো করা- এসব আমাদের নিজেদের জন্য ও আমাদের দলের ভবিষ্যতের জন্য খুব ভালো কাজে দেবে। এ প্রেরণাই সবার ভেতর কাজ করছে। আমার দেখে মনে হচ্ছে, ভালো করতে সবাই অনেক আত্মবিশ্বাসী।’ মূল পর্বে ইতিবাচক ফল অর্জনে আত্মবিশ্বাসের ভূমিকা সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি। বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্স অর্জনে ক্রিকেটারদের নিজস্ব দায়িত্ববোধ বাড়ানোর বার্তা দিয়েছেন নাজমুল।
মারারা স্টেডিয়ামে বসানো হয়েছে ড্রপ-ইন পিচ। পেসাররা সহায়তা পেতে পারেন এমন উইকেটে নতুন বল সামলানোর পরিকল্পনা জানান অধিনায়ক নাজমুল। ব্যাটিং কৌশল তুলে ধরে নাজমুল বলেন, ‘আমার মনে হয়, নতুন বলে সব সময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করবো, যে-ই ব্যাটিং করবো, যার যার সহজাত খেলাটা খেলবে এবং রানের জন্য খেলবে।’ অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ মোকাবিলায় ব্যাটারদের দায়িত্ব অর্পণ করে নাজমুল আরও বলেন, ‘লম্বা সময় মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। তাই এই অ্যাটাককে ঠিকমতো সামলাতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং ভালো চিন্তাভাবনা নিয়ে ব্যাটিং করতে হবে।’
