পেলের ক্লাবে বাংলাদেশের শমিত সোম!

পেলের ক্লাবে বাংলাদেশের শমিত সোম!

ফন্ট সাইজ:

অবশেষে ক্লাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শমিত সোম। ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। কানাডিয়ান প্রিমিয়ার লীগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শমিত। এরপর তিনি নতুন গন্তব্য খুঁজছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও খেলোয়াড় বা ক্লাব কেউই এখনো অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেনি। নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লীগ ইউএসএল লীগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক বড়। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে এবং জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্চ বেকনবাউয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।

শমিতের ফুটবল ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে কানাডায়। আন্তর্জাতিক ফুটবলেও কানাডার হয়ে দু’টি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তবে পরবর্তীতে পারিবারিক শিকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে শমিতের আন্তর্জাতিক অভিষেক হয় গত বছরের জুনে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামেন শমিত। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই মিডফিল্ডার। বাংলাদেশের জার্সিতে মোট ৮ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী সমিত।
বর্তমানে ইউএসএল লীগ ওয়ানে খেলা নিউ ইয়র্ক কসমস অবশ্য ভালো অবস্থানে নেই। ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লীগের তলানিতে রয়েছে তারা। এভি আল্টা এফসির বিপক্ষে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে কসমস।