২০টি রেল কোচের প্রথম চালান ভারত থেকে আজ রওনা হচ্ছে

২০টি রেল কোচের প্রথম চালান ভারত থেকে আজ রওনা হচ্ছে

ফন্ট সাইজ:

বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত ২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালানটি বুধবার বাংলাদেশে পাঠানো হচ্ছে। এতে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দু’টি পাওয়ার কার। রেল মন্ত্রকের সূত্র অনুযায়ী, কোচগুলোতে বেশ কিছু অনন্য নকশা ও পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে; যার মধ্যে অনেক কিছুই এলএইচবি ধরনের কোচের ক্ষেত্রে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে। এগুলো তৈরি হয়েছে ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে।

রেল সূত্রে বলা হয়েছে, ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্কটি ২০১৫-১৬ সাল থেকে চলে আসছে। সে সময় ভারতীয় কারখানাটি সফলভাবে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। একজন রেল কর্মকর্তা বলেছেন, এই সফল অংশীদারিত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আবারো ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ (সাতটি ভিন্ন ধরনের) তৈরির দায়িত্ব দিয়েছে।

এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ৯১৫ কোটি টাকার একটি চুক্তির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের পুরনো বহরে নতুন কোচগুলো যুক্ত করা হবে।