নয় বছর আগে যে ক্লাবের হয়ে একটি ম্যাচও খেলা হয়নি, সেই ক্লাবেই আবার ফিরলেন জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব মার্শেই থেকে আর্জেন্টাইন এই গোলরক্ষককে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৪ বছর বয়সী রুলি মার্শেই ছেড়ে ইতিহাদের ক্লাবটির সঙ্গে সই করেছেন ২০২৮ সালের জুন পর্যন্ত দুই বছরের চুক্তি। সিটির সঙ্গে রুলির সম্পর্কটা অবশ্য নতুন নয়। ২০১৬ সালে রিয়াল সোসিয়েদাদে খেলার সময় একবার তাকে কিনেছিল ম্যানচেস্টার সিটি। তবে তখনই আবার ধারে পাঠিয়ে দেয়া হয় স্প্যানিশ ক্লাবটিতে। শেষ পর্যন্ত ইংলিশ দলটির হয়ে কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগই পাননি তিনি, পরে তার স্বত্বও স্থায়ীভাবে ফিরে যায় রিয়াল সোসিয়েদাদের কাছে। দলবদল চূড়ান্ত হওয়ার পর ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে উচ্ছ্বাস লুকাননি রুলি নিজেও।
তিনি বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার সুযোগ এলে সেটা লুফে নিতেই হয়। এই ক্লাব কতোটা দুর্দান্ত, তা সবাই জানে।’ দীর্ঘদিন ধরে সিটির ধারাবাহিক সাফল্যই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বলেও জানান এই আর্জেন্টাইন গোলরক্ষক। ক্যারিয়ারের বড় একটা সময় অবশ্য রিয়াল সোসিয়েদাদেই কাটিয়েছেন রুলি। সেখানেই মূলত নিজের নাম চেনান তিনি। এরপর মন্তপিয়ে ও ভিয়ারিয়াল ঘুরে ২০২৩ সালে যোগ দেন আয়াক্সে। ভিয়ারিয়ালে কাটানো সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। ২০২০-২১ মৌসুমে সেই ক্লাবের হয়েই জেতেন ইউরোপা লীগ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকে শিরোপা জেতাতে রাখেন বড় ভূমিকা। আয়াক্সের হয়ে ডাচ্ লীগ জেতার পর ২০২৪ সালের আগস্টে অলিম্পিক মার্শেইয়ে পাড়ি জমান রুলি। ফ্রান্সে গিয়ে নিয়মিত জায়গা করে নেন মূল একাদশে, সবশেষ ২০২৫-২৬ মৌসুমে লীগ ওয়ানে ২৯ ম্যাচ খেলে ৮টিতে রাখেন গোলপোস্ট অক্ষত। এই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই সিটির নজরে আসেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারেও কম যান না রুলি।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা স্কোয়াডের সদস্য ছিলেন তিনি। যদিও মাঠে নামার সুযোগ হয়নি। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও ডাক পান তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে, যেখানে আর্জেন্টিনা হয় রানার্সআপ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। মূলত জেমস ট্রাফোর্ড লিডস ইউনাইটেডে পাড়ি জমানোয় তৈরি হওয়া শূন্যস্থান পূরণেই রুলিকে দলে টেনেছে সিটি। যদিও গোলবারের নিচে জিয়ানলুইজি দোনারুম্মাই থাকছেন কোচ পেপ গার্দিওলার প্রথম পছন্দ, বিকল্প হিসেবে অভিজ্ঞ রুলির ওপরই ভরসা রাখছে ক্লাবটি।
প্রাক-মৌসুম সফর শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নতুন মৌসুমে সিটির যাত্রা শুরু হচ্ছে দ্রুতই। ১৬ই আগস্ট আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ফাইনালে মাঠে নামবে এঞ্জো মারেস্কার দল। এরপর ২৩শে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বোর্নমাউথ।
