সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ফন্ট সাইজ:

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার  পর মধ্যপ্রাচ্য ও এর আশপাশে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন দেশ ইরান থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বেশ কয়েকটি এয়ারলাইন ও দেশ ফ্লাইট স্থগিত এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। উইজ এয়ার অবিলম্বে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি এবং জর্ডানের আম্মানগামী ও সেখান থেকে আসা সব ফ্লাইট ৭ই মার্চ পর্যন্ত স্থগিত করেছে। লুফথানসা শনিবার ও রোববার দুবাই, তেল আবিব, লেবাননের বৈরুত এবং ওমানের মাস্কাটে যাওয়া-আসার সব ফ্লাইট স্থগিত করেছে। কেএলএম আমস্টারডাম থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে। ওমান এয়ার ইরাকের রাজধানী বাগদাদে সব ফ্লাইট স্থগিত করেছে। রাশিয়া ইরান ও ইসরাইলগামী সব ফ্লাইট স্থগিত করেছে। কুয়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানগামী সব ফ্লাইট স্থগিত করেছে। ইরাক সব আগমন ও প্রস্থান ফ্লাইট বাতিল করে তাদের আকাশসীমা বন্ধ করেছে। ইসরাইল সব বেসামরিক ফ্লাইট বাতিল করে তাদের আকাশসীমা বন্ধ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। আগামী ৩রা মার্চ পর্যন্ত তেল আবিব ও বাহরাইনগামী সব ফ্লাইট বাতিল করেছে বৃটিশ এয়ারওয়েজ।

ইরান ও ইসরাইলের আকাশসীমা বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান ও ইসরাইল। ওদিকে রাজধানী তেহরানে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল-জাজিরা বলছে, ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মাজিদ আখাভান মেহর বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সমগ্র দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।’ তেহরান থেকে প্রতিবেদক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন যোগাযোগ ব্যাহত হয়েছে। বর্তমানে ফোনকল করা সম্ভব হচ্ছে না। এছাড়া শিগগিরই ইন্টারনেট সেবাও বিঘ্নিত বা বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া
নিজস্ব প্রতিনিধি, কলকাতা থেকে জানান, ভারতের অন্যতম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। দুবাই, আবুধাবি, বাহরাইন, আম্মান এবং রিয়াদসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবর পাওয়ার পর এবং ইসরাইল-ইরান সংঘর্ষ আরও বিস্তৃত সংঘাতে রূপ নেয়ার পর শনিবার এক ঘোষণায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট আপাতত বন্ধ ঘোষণা করেছে। এই সংক্রান্ত এক এডভাইজরিতে মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করার পাশাপাশি বলা হয়েছে, আমরা আমাদের যাত্রী এবং ক্রুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমরা আমাদের ফ্লাইট পরিচালনার জন্য নিরাপত্তা এবং সুরক্ষা পরিবেশ মূল্যায়ন চালিয়ে যাবো এবং প্রয়োজন অনুসারে সক্রিয়ভাবে কার্যক্রম সমন্বয় করবো। সেইসঙ্গে যাত্রীদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল
স্টাফ রিপোর্টার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী যৌথ হামলা চালিয়েছে ইরানে। জবাবে সৌদি, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে করে এসব দেশে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঢাকা থেকেও মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল বিকাল ৪টার দিকে সকল ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে বিমানের বিজি-৩৪৯ নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিলো। সেটি মাঝপথ থেকে ফিরে আসে।
এদিকে হঠাৎ করে মধ্যপ্রাচ্যগ্রামী ফ্লাইট বন্ধ হওয়াতে বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা ফ্লাইট বাতিলের খবর পেয়ে অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন। বাতিল হওয়া এসব ফ্লাইট কবে কখন চালু হবে তার ঠিক নেই। দেশীয় বিমান সংস্থা ইউএস বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিদেশি এয়ারলাইন্সগুলোও ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেকেই ফ্লাইট বাতিলের খবর পেয়ে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করছেন। ঢাকায় যারা ফ্লাইটের জন্য এসেছেন তারা বিভিন্ন হোটেলে গিয়ে অপেক্ষা করছেন। এয়ারলাইন্সের পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে কিছু জানতে পারছেন না।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট পরিচালনা করতে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যেসব দেশে ফ্লাইট যাবে সেসব দেশে উত্তেজনা বিরাজ করছে। ফ্লাইট ওঠা-নামায়ও ঝুঁকি রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইট স্থগিত করা হয়েছে। ওইসব দেশে পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় ফ্লাইট পরিচালনা করা হবে।

সিভিল এভিয়েশন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরাইল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট রুটসমূহে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই প্রেক্ষিতে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সকল সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো- ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।

পুনর্নির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়। উক্ত রুটসমূহে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সিভিল এভিয়েশন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দাম্মাম, মাস্কাটসহ মধ্যপ্রাচ্যগ্রামী সকল রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে আবার ফ্লাইট চালু করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, ইরানে ইসরাইলের হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে তাদের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীরা মধ্যপ্রাচ্যর যেসব দেশে যাত্রা করতে চান তাদের বিমানের সঙ্গে যোগাযোগ করে আসার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বরও দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন