যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জয় পেয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রাথমিক নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে প্রতিনিধি পরিষদের মিনেসোটা-৫ আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে পুনর্র্নিবাচনের পথ আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি।
২০১৮ সাল থেকে মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন ইলহান। এবারের প্রাইমারিতে তিনি ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তার জনপ্রিয়তা দীর্ঘদিন ধরেই বেশ দৃঢ়। এর আগে তিনি চারবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রাইমারিতে ইলহানের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার। তবে তাদের কেউই ইলহানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারেননি। এর আগে ২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতেও ইলহান ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। সর্বশেষ সাধারণ নির্বাচনে তার জয়ের ব্যবধান ছিল প্রায় ৫০ শতাংশ পয়েন্ট।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতির অন্যতম সোচ্চার সমালোচক ইলহান। তার নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে অভিবাসীদের অধিকার রক্ষা এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক নীতির বিরোধিতা। এ কারণেই দীর্ঘদিন ধরে ট্রাম্প ও তার ‘মাগা’ সমর্থকদের তীব্র সমালোচনার মুখে রয়েছেন তিনি।
অন্যদিকে, ইলহানের আসনে রিপাবলিকানদের প্রাইমারিতে জন নাগেল জয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তিনি ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা গেছে।
এবারের ডেমোক্রেটিক প্রাইমারিতে ইলহানের বিরুদ্ধে আলোচনায় আসা প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন অ্যাটর্নি জুলি টি লে।
‘অপারেশন মেট্রো সার্জ’-এর সময় সেন্ট পলের ফেডারেল আদালতে একটি বিতর্কিত ঘটনার পর তিনি আলোচনায় আসেন। পরে অল্প সময়ের মধ্যে প্রায় ৯০টি অভিবাসন মামলার দায়িত্ব পাওয়ার বিষয়টিও সংবাদমাধ্যমে উঠে আসে। লে নিজেও একজন অভিবাসী। এক পর্যায়ে তিনি আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার অনুরোধ করেছিলেন বলে জানা যায়।
তার ভাষায়, এমন হলে অন্তত ‘পুরো ২৪ ঘণ্টা ঘুমাতে’ পারতেন। তিনি বিচারব্যবস্থার কাজের ধরন নিয়েও হতাশা প্রকাশ করে বলেছিলেন, ‘এই ব্যবস্থার কোনো মানে হয় না, এ চাকরিটাও বাজে।’
তবে এসব বিতর্ক ইলহানের নির্বাচনী জনপ্রিয়তায় বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং কয়েক বছর ধরে তাকে ঘিরে চলা রাজনৈতিক আক্রমণ তার সমর্থকদের আরও দৃঢ় করেছে বলে মনে করছেন অনেকে।
ট্রাম্প ও তার সমর্থকেরা দীর্ঘদিন ধরেই ইলহানের নাগরিকত্ব এবং সোমালি বংশোদ্ভূত পরিচয় নিয়ে নানা ধরনের মন্তব্য করে আসছেন। তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়েও বিভিন্ন সময়ে তদন্ত ও বিতর্ক তৈরি হয়েছে। ইলহান এবং তার স্বামী, রাজনৈতিক পরামর্শক টিম মাইনেটের আর্থিক লেনদেন নিয়েও ব্যাপক নজরদারি ও আলোচনা হয়েছে।
সম্প্রতি রিচফিল্ডে ইলহানের অংশ নেয়া একটি টাউন হল সভার বাইরে হোমল্যান্ড সিকিউরিটির এক তদন্তকারীকে দেখা যাওয়ার ঘটনায়ও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এক লিখিত বিবৃতিতে ইলহান বলেন, তার বা তার ভোটারদের জন্য সম্ভাব্য হুমকি মোকাবিলায় সময় দেয়ার পরিবর্তে পুলিশকে তদন্ত করতে হয়েছে কেন একজন হোমল্যান্ড সিকিউরিটি এজেন্ট ভুয়া নম্বর প্লেটযুক্ত গাড়িতে করে তার কংগ্রেশনাল অনুষ্ঠানের বাইরে অবস্থান করছিলেন।
তিনি বলেন, অনুষ্ঠানের বাইরে ওই এজেন্টের উপস্থিতির উদ্দেশ্য নিয়ে ‘গুরুতর ও অস্বস্তিকর প্রশ্ন’ তৈরি হয়েছে।
এর আগে গত জানুয়ারিতেও মিনিয়াপোলিসে একটি টাউন হল অনুষ্ঠানে ইলহান ওমরকে লক্ষ্য করে এক ব্যক্তি তেড়ে যান এবং তার ওপর একটি তরল ছিটিয়ে দেন। পরে সেটি আপেল সিডার ভিনেগার বলে শনাক্ত করা হয়।
ঘটনার পরও অবশ্য দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন ইলহান। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, তিনি সম্পূর্ণ ঠিক আছেন এবং যা ঘটেছে তা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এমন ঘটনায় তিনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না।
মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে এবারের প্রাইমারি জয় তাই শুধু আরেকটি নির্বাচনী বিজয় নয়; বরং ইলহানের জন্য এটি তার রাজনৈতিক ভিত্তি কতটা শক্তিশালী, তারও একটি বড় প্রমাণ।
আগামী সাধারণ নির্বাচনে জয়ী হলে প্রতিনিধি পরিষদে আরও একটি মেয়াদ নিশ্চিত হবে তার।
