মাইলফলকের সামনে দাঁড়িয়ে তারা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে তারা

ফন্ট সাইজ:

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই দুই ম্যাচের সিরিজে ব্যক্তিগত ও দলীয় অর্জনের একাধিক মাইলফলক গড়ার সুযোগ রয়েছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

২১ বছরের ক্যারিয়ারে ১০৩ টেস্টে ৬,৮০৬ রান করা মুশফিকুর রহিম আর মাত্র ১৯৪ রান করতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। অন্যদিকে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের বিপক্ষেই কোনো সেঞ্চুরি নেই স্টিভেন স্মিথের, যা এই সিরিজে ঘুচিয়ে নেওয়ার হাতছানি অজি তারকামার্কি এই ব্যাটারের সামনে। ২৯৫ উইকেট নেয়া জশ হ্যাজলউড আর ৫ উইকেট পেলে অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের ক্লাবে নাম লেখাবেন।

এছাড়া ১০৫ টেস্টে ৪৩১ উইকেট শিকার করা মিচেল স্টার্ক আর ৯ উইকেট নিলেই ডেল স্টেইন (৪৩৯) ও কপিল দেবকে (৪৩৪) পেছনে ফেলে টেস্ট পেসারদের ইতিহাসে পাঁচ নম্বর স্থানে উঠে যাবেন। বাংলাদেশি বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছেন ট্রাভিস হেড। ২০২৫ সাল থেকে ওপেনিংয়ে নেমে ৯১.৭ স্ট্রাইক রেটে রান করা এই বাঁহাতি ব্যাটার উইকেটে ধ্বংসাত্মক রূপ নিতে পারেন। পাশাপাশি গত দুই বছরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলীয় পেসারদের উইকেটপ্রতি ২০.৭৫ রান দেওয়ার দারুণ ফর্ম এবং ডানহাতি ব্যাটারদের বিপক্ষে ১৯.৫৫ গড়ের পেস আক্রমণ সামলানোই টাইগারদের জন্য মূল পরীক্ষা হবে। ২২ আগস্ট ম্যাকাইয়ে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।