জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির সিভিল প্রোটেশন ইউনিট জানায়, ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করা হচ্ছিল। মঙ্গলবার তীব্র ঢেউয়ের ধাক্কায় ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ফেরিটি উত্তরের কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পের মধ্যে যাতায়াতের কাজ করত।
টিকিট বিক্রির নিবন্ধিত হিসাব অনুযায়ী নৌকায় ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। টিকিট ছাড়া অনির্ধারিত সংখ্যক শিশুও নৌকায় উপস্থিত থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হলেও পুলিশের ডুবুরি দল, স্পিডবোট ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। দুর্ঘটনাস্থলটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত এবং এটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। স্থানীয় সংসদ সদস্য মুতসা মুরম্বেদজি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন।
