নেপথ্যে ‘মাদক নিয়ে দ্বন্দ্ব’, গ্রেপ্তার ৫

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টা

নেপথ্যে ‘মাদক নিয়ে দ্বন্দ্ব’, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ বলছে, মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন-হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘গত শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে পল্লবীর সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় পথচারী জোসনা নামে আরেক নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি মামলা করা হয়।’

মো. শফিকুল ইসলাম বলেন, ‘পরবর্তীতে গ্রেপ্তার পারভেজ ও রাব্বীর দেয়া তথ্যের ভিত্তিতে রূপনগর এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ল্যাংড়া রুবেল ও বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেলসহ তার সহযোগীরা গোলাগুলির ঘটনাটি ঘটিয়েছে। ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’