উচ্চ তাপে পুড়ছে বৃটেন, কোবরা কমিটির মিটিং আজ

উচ্চ তাপে পুড়ছে বৃটেন, কোবরা কমিটির মিটিং আজ

ফন্ট সাইজ:

সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে বৃটেন। আগামীকাল বৃহস্পতিবার এই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার কোবরা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। বৃটেনজুড়ে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার মধ্যে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় (ডেফরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন। পরিবেশ সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। চলতি বছরে তাপপ্রবাহ নিয়ে এটি কোবরা কমিটির দ্বিতীয় বৈঠক। এর আগে জুনে উচ্চ তাপমাত্রার সময় এ ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, চরম তাপপ্রবাহের কারণে বৃটেনের বিভিন্ন এলাকায় ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। দেশের বিস্তীর্ণ অঞ্চল খরার কবলে পড়েছে।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, সরকার বুঝতে পারছে যে আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে দমকলকর্মী, কৃষক এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীরা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এদিকে দেশজুড়ে দাবানল অব্যাহত থাকার মধ্যে ফায়ার ব্রিগেডস ইউনিয়নের (এফবিইউ) প্রধান সতর্ক করে বলেছেন, বৃটেন এখনই একটি ‘জাতীয় জরুরি অবস্থার’ মুখোমুখি। মেট অফিস জানিয়েছে, চলতি গ্রীষ্ম বৃটেনের ইতিহাসে রেকর্ড উষ্ণতম গ্রীষ্ম হওয়ার পথে। দেশের কিছু অংশে এ নিয়ে চলতি গ্রীষ্মে পঞ্চমবারের মতো তাপপ্রবাহ দেখা দিয়েছে। লন্ডন এবং দক্ষিণ-পূর্বাঞ্চল, ইস্ট মিডল্যান্ডস, পূর্ব ইংল্যান্ড, ওয়েস্ট মিডল্যান্ডস ও সাউথ ইয়র্কশায়ারের কিছু অংশের জন্য বিরল অ্যাম্বার ‘চরম তাপ’ সতর্কতা জারি করেছে মেট অফিস। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।

সরকার জনগণকে বৃটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির তাপমাত্রাজনিত স্বাস্থ্য সতর্কতার দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। প্রচুর তরল পান করা এবং তাপজনিত ঝুঁকিতে থাকা পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের খোঁজ নেয়ার পরামর্শও দেয়া হয়েছে। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী বিকেলে চরম তাপ, দাবানল ও খরার বিরুদ্ধে সরকারের চলমান পদক্ষেপ নিয়ে কোবরা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন।

মেট অফিসের প্রধান পূর্বাভাসদাতা ক্রিস বুলমার বলেন, সাম্প্রতিক তাপপ্রবাহগুলোর তুলনায় এবারের সর্বোচ্চ তাপমাত্রার সময়কাল তুলনামূলকভাবে কম হবে। তবে বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছাতে পারে, যা কিছু মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই মেট অফিস সতর্কতা জারি করেছে। তিনি বলেন, উচ্চচাপ এখন আবহাওয়ায় প্রাধান্য বিস্তার করছে এবং প্রতিদিন তাপমাত্রা বাড়বে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের বাতাস ইউরোপের উষ্ণ অঞ্চল থেকে গরম বাতাস নিয়ে আসবে। এর ফলে দক্ষিণ বৃটেনে ইতিমধ্যে চলমান উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মে আরও তীব্র তাপমাত্রা তৈরি হবে।

এদিকে ফায়ার ব্রিগেডস ইউনিয়নের সাধারণ সম্পাদক স্টিভ রাইট সতর্ক করে বলেছেন, দেশজুড়ে দাবানলের কারণে বৃটেন ‘এই মুহূর্তেই জাতীয় জরুরি অবস্থার’ মুখোমুখি। ন্যাশনাল ফায়ার চিফস কাউন্সিলের (এনএফসিসি) তথ্য অনুযায়ী, চলতি বছর ইংল্যান্ড ও ওয়েলসে দমকলকর্মীরা ৯৬৬টি দাবানলে সাড়া দিয়েছেন। শুধু আগস্টের প্রথম ১০ দিনেই ঘটেছে ১৮৫টি দাবানল। আর জুলাই ছিল দাবানলের দিক থেকে ইতিহাসের সবচেয়ে ব্যস্ত মাস। ওই মাসে ৪৫৮টি দাবানলের ঘটনা ঘটেছে।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা নিউ ফরেস্টে ছড়িয়ে পড়া একটি দাবানল মোকাবিলা করছেন। রোববার রিংউডের কাছে এ৩১ মহাসড়কে একটি ভ্যানে আগুন লাগার পর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। নিউ ফরেস্ট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাটি সংরক্ষিত হিথল্যান্ড এবং সেখানে বেশ কিছু বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল রয়েছে।