সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার শাহিন (৩২), ঢাকা জেলার আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকার সালাউদ্দিন (২৬), একই এলাকার সাজু হোসেন (২৯), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার ফারুক হাসান (৪০) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকার আলী হোসেন (৪৬)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোমবার রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি’র হিসাবে উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এর আগে, সন্ধ্যায় আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন ও মো. সাজু হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৮০০ টাকা। পরে একই দিন রাতে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফারুক হাসান ও মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২০০ পিস ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ডিবি’র দেয়া তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে মোট ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আশুলিয়ার কবিরপুর থেকে ৩ হাজার ৪০০ পিস, দুর্গাপুর পশ্চিমচালা থেকে ৪৬ পিস এবং সাভার মডেল থানার শ্যামপুর থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
