সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগ কোনোভাবেই মেনে নেয়া হবে না। কেউ ছড়া বা খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ছড়া ও খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকালে সিসিক প্রশাসক ৩৩ নম্বর ওয়ার্ডের ভরা ছড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় ছড়ার বিভিন্ন অংশ দখল করে স্থাপনা গড়ে উঠতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে এসব স্থাপনা অপসারণের অনুরোধ জানান।
এ সময় সিসিক’র প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন নাদিম, সিসিক’র সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান, সেলিম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সিসিক প্রশাসক ৩৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন।
এ সময় তিনি এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। ওয়ার্ডের কয়েকটি স্থানে অবৈধভাবে টিলা কেটে প্লট তৈরির অভিযোগ পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি টিলা কাটা বন্ধের আহ্বান জানিয়ে এ বিষয়ে এলাকাবাসীকে সোচ্চার হওয়ার অনুরোধ করেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালেক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
