১৪ জন শিক্ষকের বিপরীতে পরীক্ষার্থী ৫, পাস করেনি কেউ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে একটি মাদ্রাসার দাখিল পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই পাস করতে পারেনি। উপজেলার ‘কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসায় ১৪ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী থাকা সত্ত্বেও এ বছর পরীক্ষায় অংশ নেয়া পাঁচ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। গত সোমবার দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৫টি মাদ্রাসা ও ৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, পুরো নান্দাইল উপজেলায় এটিই একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে ১৯৯৮ সালে ‘কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসা’ প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সাল থেকে এর শিক্ষা কার্যক্রম পুরোদমে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী নিয়োজিত রয়েছেন। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ৫ জন শিক্ষার্থী অংশ নেয়, যাদের সবাই অকৃতকার্য হয়েছে।

শতভাগ ফেলের এমন ফলাফলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সামালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে মাদ্রাসার সুপার আকলিমা বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতার ব্যবস্থা নেই। এতে শিক্ষকদের মনোবল ভেঙে পড়েছে এবং পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। ফলে শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারেনি। উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় সেখানে শিক্ষকদের বেতন-ভাতার সুযোগ নেই। যার কারণে প্রতিষ্ঠানটির ওপর তদারকিও কিছুটা কম।