চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে গুলি

ফন্ট সাইজ:

চাঁদা না দেয়ায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে রুনা টাওয়ারের মূল ফটকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক 
ছড়িয়ে পড়েছে। ১১তলা ভবনটির রুনা টাওয়ারের মালিক মোহাম্মদ ইউসুফ। তার দুই সন্তান প্রবাসী। গ্রামের বাড়ি ফটিকছড়িতে। ইউসুফ নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুইদিন পর গ্রেপ্তার হন আজিজ। বর্তমানে তিনি কারাগারে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, চাঁদা না পেয়ে হামজাবাগের একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ভবন মালিক ইউসুফ জানান, সোমবার দুপুর ১২টার দিকে ছেলে শওকতের হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর থেকে ভয়েস মেসেজ আসে। সেখানে বলা হয়, আপনার ছেলেমেয়েরা কোথায় কী করে, জীবনবৃত্তান্ত এবং কোথায় বাড়ি আছে সব জানি। এক ঘণ্টার মধ্যে বড় ভাইয়ের কথামতো ৫০ লাখ টাকা দিন। না হলে মেরে ফেলা হবে। এর কয়েক ঘণ্টা পরই রাত ১১টার দিকে দুই যুবক এসে ভবনের গেটে দুটি গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী মো. আলমগীর বলেন, রাতে বিদ্যুৎ ছিল না। প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে আমাকে গেটের ভেতরে ঢুকিয়ে বন্ধ করতে বলে। এরপর গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে হেঁটে চলে যায়।

এর আগে গত ১৩ই জুলাই দক্ষিণ পাহাড়তলীর বড় দীঘিরপাড়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। পরে সেখানে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর আগে ১৩ই জুন বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট প্রতিষ্ঠান ডিডিএনকে ২ কোটি টাকা চাঁদা দাবি করে হামলা চালানোর অভিযোগও ওঠে ইমনের লোকজনের বিরুদ্ধে। এসব ঘটনার পর মানববন্ধন করে ইমনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। ৫ই আগস্টের পর ইমন বেপরোয়া হয়ে উঠেন বলে অভিযোগ রয়েছে। ভারতে পালানোর সময় গত ২৯শে জুলাই যশোর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ১০ দিনের রিমান্ডে রয়েছেন।