বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১১ই আগস্ট) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জয়সওয়াল বলেন, আমাদের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে। আপনারা যে আমন্ত্রণের কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে আমরা দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে পরবর্তী তথ্য আপনাদের জানানো হবে।
তবে তারেক রহমান ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেবেন কিনা, সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এদিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে ভারত তা জানাবে।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে তদন্ত চলছে।
