ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নিদের্শের পরও মামলা রেকর্ডে অনীহার অভিযোগে এ আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক এ এন এম মোর্শেদ খান। মঙ্গলবার রাতে গণমাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন। তিনি জানান, রোববার দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান আদালতে অভিযোগ করেন তাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে থানায় লিখিত আবেদন করলেও ওসি তা করেননি।
এরপর আদালতে মামলা করলে বিচারক এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেয়ার পরও ওসি তা উপেক্ষা করেন। এ নিয়ে ভিকটিম মারজাহান আদালতে ফের দরখাস্ত দিলে বিচারক ওসিকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপি প্রেরণ করেন। আদালত আদেশে উল্লেখ করেন, ওসি তার কর্মকাণ্ডের কারণে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।
