চাটখিলে ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন

চাটখিলে ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন

ফন্ট সাইজ:

নোয়াখালীর চাটখিলে ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। জমা খারিজ করে অন্যায়ভাবে একজনের জমি অন্যজনের নামে খতিয়ান করে দেয়ার প্রতিবাদে ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাবেক সহকারী কৃষি কর্মকর্তা আবদুল লতিফ, ফেরদৌসি আক্তার, মাহমুদ, আকলিমা বেগমসহ ভুক্তভোগী পরিবারের দাবি তাদেরকে না জানিয়ে উপজেলা ভূমি অফিস তাদের ভোগ দখলীয় জমি অন্যপক্ষকে একতরফা শুনানির মাধ্যমে তাদের ২২ শতাংশ জমি কেটে নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নিসাত ফারাবী মানবজমিনকে জানান, অভিযোগকারীদের অভিযোগ সত্য নয়। তিনি আরও জানান দু’পক্ষকে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা ধার্য তারিখে বিকাল ৩টায় উপস্থিত হয়েছিল। এখনো ওই নথির চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি সহকারী কমিশনার (ভূমি)কে অভিযোগকারীদের বিষয়ে সঠিকভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।