সিলেটে সংবাদ সম্মেলন

বিশ্বনাথে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মীরেরচর গ্রামে বাপ-দাদার বসতভিটা থেকে একটি অসহায় পরিবারকে উচ্ছেদের চেষ্টা, হামলা, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী বশির আহমদ ও তার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন একই গ্রামের বাসিন্দা মো. আকমল আলী। মঙ্গলবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকমল আলী বলেন, তারা দীর্ঘদিন ধরে বাপ-দাদার বসতভিটায় বসবাস করে আসছেন। তাদের বাড়ির পশ্চিম পাশে বসবাসকারী মৃত জবান উল্লাহর ছেলে বশির আহমদ ক্ষমতা ও অর্থের প্রভাব খাটিয়ে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।

বসতভিটার জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে চাপ দেয়া হচ্ছে। এতে রাজি না হওয়ায় মারধর, বাড়িঘর ভাঙচুর ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বশির আহমদের সাত ছেলের অনেকেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রবাসী এবং অর্থবিত্তের মালিক। আমাদের পূর্ব-পুরুষের রেখে যাওয়া একমাত্র সম্বল বসতবাড়িটি তারা নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের অর্থের মাধ্যমে লোকজন এনে আমাদের পরিবারের সদস্যদের উচ্ছেদের হুমকিসহ নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আকমল আলী বলেন, গত ৯ই জুলাই তার চাচা গেদাব আলী মারা গেলে তাদের জায়গায় মরদেহ দাফনেও বাধা দেয়া হয়।

পরে পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়।
এর দুইদিন পর ১২ই জুলাই রাতে তাদের ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ করেন উত্তর মীরেরচর গ্রামের আব্দুল আহাদ, নুরুল হোসেন ওরফে উদ্বুর এবং মিজান আহমদের বিরুদ্ধে। আকমলের অভিযোগ, ওই রাতে তারা তাদের ঘর ভাঙচুর করেন। বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও এখনো মামলা রেকর্ড হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুরুজ আলী, তোহায়িদ আলী, এমরান আহমদ ও রায়হান আলী।