বরিশালের আগৈলঝাড়ার পূর্ব গোয়াইল গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামের হেলাল আকন শখেরবসে পূর্ব গোয়াইল গ্রামে তার পৈতৃক জমিতে বিভিন্ন প্রজাতির ফলের বাগান গড়ে তোলেন। সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানে প্রবেশ করে এসব ফলজ ও অন্যান্য গাছ কেটে ফেলে। হেলালের অভিযোগ, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার প্রতিবেশীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
তিনি অভিযোগ করে বলেন, কামাল ফকিরের নেতৃত্বে টাকার বিনিময়ে একটি সন্ত্রাসী দল ভাড়া করে কিছু লোকের মাধ্যমে রাতের আঁধারে তার বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় হেলাল আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
