বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বৃক্ষ রোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ। আমরা সেই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশকে সাজাবো। সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। গতকাল ঢাকার কেরানীগঞ্জে রোটারি ক্লাব গুলশান এভিনিউর উদ্যোগে সকাল ১০টায় নয়া বাজার ডিগ্রি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যেই তথ্য নিয়েছে কোথায় কতোগুলো গাছ লাগানো হয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা যেন ভালো হয় সেজন্য আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী আরও বলেন, আমি গতকাল কক্সবাজার থেকে এসেছি সেখানে ৪০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। বাংলাদেশের সব জেলা থেকে সেখানে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা যত জায়গায় গেছি প্রতিটি জায়গায় রক্ষণাবেক্ষণ কাজ সবাই খেয়াল রাখছে। এটা আমাদের জন্য একটা আশার জায়গা। আমরা আশা করবো ৫ বছর পর আমরা ২৫ কোটি গাছ রেখে যেতে পারবো। তাই আমাদের ৩০ থেকে ৩২ কোটি গাছ লাগাতে হবে। কারণ প্রাকৃতিক কারণে অনেক গাছ মারা যায়। সময় আরও উপস্থিত ছিলেন, ডাকসু সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মালেক মিয়া, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ডা. লুবনা শারমিন, মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ মাধ্যমিক শিক্ষা অফিসারের একাডেমিক সুপারভাইজর হালিমা বেগম প্রমুখ।
