এমপি’র স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা, থানায় জিডি

ফন্ট সাইজ:

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে তার নাম ও পরিচয় ব্যবহার করে ১০০ কোটি টাকা ঋণ নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংসদ সদস্য নিজেই। গত শুক্রবার গোপনীয়ভাবে জিডিটি করা হলেও মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান খন্দকার আবু আশফাক।

জিডি সূত্রে জানা যায়, সংসদ সদস্যের স্বাক্ষর জাল করে তার নামে ঋণ নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়। এর মধ্যে ১০০ কোটি টাকা ঋণ নেয়ার একটি অঙ্গীকার-নামাও রয়েছে। ওই অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্য তার কোটার কাজের মাধ্যমে ঋণের টাকা পরিশোধ করবেন। বিষয়টি জানার পর সংসদ সদস্যের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্বাক্ষর ও পরিচয় ব্যবহার করে একটি চক্র বড় অঙ্কের ঋণ নেয়ার চেষ্টা করছে।
এরপর প্রতারক চক্রের মাধ্যমে যাতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ঋণ অনুমোদন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একইসঙ্গে জাল স্বাক্ষর ও ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে থানায় জিডি করেন তিনি।
খন্দকার আবু আশফাক বলেন, তার স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণ নেয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তার অনুমতি ছাড়া তার স্বাক্ষর ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের আর্থিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, কোনো জনপ্রতিনিধির স্বাক্ষর জাল করে এত বড় অঙ্কের ঋণ নেয়ার চেষ্টা গুরুতর প্রতারণার শামিল। এতে একদিকে যেমন ব্যক্তির পরিচয় ও সুনাম ব্যবহার করা হয়েছে, অন্যদিকে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও প্রতারণার চেষ্টা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। খন্দকার আবু আশফাক ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে সংসদ সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে, তা জানা যাবে।