দিনাজপুরে সাবেক জেলা কৃষক দলের সদস্য সচিব ও পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রতিবাদে সড়ক অবরোধসহ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এর ফলে দূরপাল্লার কোচসহ দিনাজপুরের ৫২টি আন্তঃজেলা পরিবহন রুটের সবগুলো রুটেই যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পথে পথে বাস-ট্রাক আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করা হয়। শ্রমিকেরা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ফুলবাড়ী বাসস্ট্যান্ড, থানা মোড়, কলেজ মোড়, টার্মিনাল, বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ শহরের সব প্রবেশ মুখে ব্যারিকেড দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এমনকি এম্বুলেন্সও পার হতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে যারা দূর-দূরান্ত হতে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চান, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। আন্দোলনকারীদের ৩ দফা দাবি- গ্রেপ্তারকৃত মজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মজিবকে নির্যাতনের ঘটনায় সিআইডি পুলিশের পরিদর্শক নওবুর রহমানকে শাস্তি এবং কোতোয়ালি থানার ওসি নূর নবীকে অপসারণ করতে হবে।
