মোদির সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

মোদির সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

ফন্ট সাইজ:

ঢাকায় তিন গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশ সরকারের নেতৃত্বের কাছ থেকে পাওয়া বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র।
ওই সূত্র জানায়, ‘হ্যাঁ, তিনি আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।’

ঢাকায় তিনটি বৈঠক শেষে সোমবার নয়াদিল্লি ফেরেন ভারতীয় হাইকমিশনার। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নিতে গঠনমূলকভাবে সম্পৃক্ততার প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকায় তার ধারাবাহিক বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
রোববার ঢাকার স্টেট গেস্ট হাউস পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এরপর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা তারেক রহমানের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ দৃষ্টিভঙ্গিতে কাজ করার ভারতের আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ভারতীয় হাইকমিশনার। এর মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায়ও ছিল।
বৈঠকে দীনেশ ত্রিবেদী পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারে ভারতের আগ্রহের কথা জানান। সূত্র: ইউএনবি