বোয়ালমারীতে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগ

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি’র নাম ভাঙিয়ে ও দলীয় নেতাকর্মীদের পরিচয় ব্যবহার করে এলাকার সাধারণ মানুষদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি’র ভাবমূর্তি রক্ষায় তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ মো. জাকারিয়ার সঙ্গে ফরিদপুর-১ আসনে বিএনপি’র কোনো পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক নেই।

জাকারিয়া গুনবহা ইউনিয়ননের জামায়াত নেতা কাজী মো. মনজুরুল হকের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাকারিয়া বর্তমানে উপজেলার কোনো বিএনপি সংগঠনের পদে নেই। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ও চাঁদাবাজির বিষয়টিও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে বর্তমানে দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে তার সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ছাত্রদল নেতা জাকারিয়া নিজেকে বর্তমান উপজেলা জিয়া প্রজন্মের সাধারণ সম্পাদক দাবি করে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা তারা আমাকে দিতে পারে না। ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়ায় আমার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। আমি এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবো। এসব অভিযোগ সত্য নয়। উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, জাকারিয়া আমাদের দলের কোনো পদে নেই। কিন্তু সে দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। তাই দলের ভাবমূর্তি রক্ষায় তাকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।